তাজা খবর: |
Saturday, 17 January, 2026, at 7:24 PM | ENGLISH |
![]() |
|
|
রাজধানীশিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে সাত কলেজের শিক্ষার্থীরামো: আনোয়ার, ক্যাম্পাস প্রতিনিধি :
প্রকাশ :
07 ডিসেম্বর 2025, রবিবার,
সময় :
17:36,
পঠিত 473 বার
রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রোববার ৭ ডিসেম্বর দুপুর ১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে বসে আন্দোলন শুরু করেন। শুরু থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে দাবি জানাতে থাকেন।অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা জানান, তারা কোনো দপ্তরের এসি কক্ষে বা সচিবালয়ে আলোচনায় বসতে রাজি নন। তাদের একটাই দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। দাবি আদায় না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচির সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট অর্ডিন্যান্স’, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো’সহ নানা স্লোগানে এলাকা মুখরিত করেন। এর আগে দুপুরে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে সমবেত হন এবং সেখান থেকে স্লোগান দিতে দিতে শিক্ষা ভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। পরিস্থিতি মোকাবিলায় দুপুর ১২টার দিকে শিক্ষা ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয় এবং মূল ফটকে ব্যারিকেড বসানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন প্রকাশ করলেও এখনো অধ্যাদেশের বিষয়ে কোনো চূড়ান্ত অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইনটির ওপর অনলাইনে মতামত নেওয়া হলেও তিনটি বৈঠক শেষে কোনো সিদ্ধান্ত হয়নি, যা শিক্ষার্থীদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। আজকের কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা জানান, যদি দ্রুত অধ্যাদেশ জারি না হয়, তাহলে শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা এবং পরবর্তী সময়ে টানা অবস্থান কর্মসূচি চালানো হবে। এর আগে ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ ঝুলে আছে। পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তার কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের একমাত্র দাবি হলো অধ্যাদেশ প্রকাশ। উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছিল যে সাত কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে গৃহীত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের গুজব থেকে বিরত থেকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজধানী পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|